আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি প্রাবন্ধিক রাজশেখর বসু (ছদ্মনাম: পরশুরাম) রচিত ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধটি নিয়ে, যা তোমাদের দশম শ্রেণির পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এই প্রবন্ধের মাধ্যমে আমরা জানতে পারব মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নানা বাধা-বিপত্তি, আক্ষরিক অনুবাদের ত্রুটি, বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহারের সঠিক নিয়মকানুন এবং সর্বস্তরের পাঠকের কাছে বিজ্ঞানকে সহজবোধ্য করে তোলার আদর্শ পদ্ধতি।
বাংলা ভাষায় বিজ্ঞান – রাজশেখর বসু (দশম শ্রেণী বাংলা প্রবন্ধ)
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের – উৎস ও প্রাবন্ধিক পরিচিতি
আলোচ্য ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধটির রচয়িতা হলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক ও রসরচয়িতা রাজশেখর বসু। বাংলা সাহিত্যে তিনি ‘পরশুরাম’ ছদ্মনামে অধিক পরিচিত এবং তাঁর অবিস্মরণীয় কীর্তি হলো ‘চলন্তিকা’ নামক বাংলা অভিধান। ১৯৩৭ খ্রিস্টাব্দে প্রকাশিত এই অভিধান বাংলা ভাষার এক অমূল্য সম্পদ।
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের – সারাংশ
প্রাবন্ধিকের মতে, বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের দুটি শ্রেণিতে ভাগ করা যায়— প্রথমত, যাঁরা ইংরেজি জানেন না বা অতি অল্প জানেন; এবং দ্বিতীয়ত, যাঁরা ইংরেজি জানেন এবং ইংরেজিতে বিজ্ঞান পড়েছেন।
প্রথম শ্রেণির পাঠকদের মাতৃভাষায় বিজ্ঞান শিখতে সুবিধা হয় কারণ তাঁদের মনে ইংরেজি ভাষার কোনো বিরোধী সংস্কার থাকে না। কিন্তু যাঁরা ইংরেজিতে বিজ্ঞান পড়ে অভ্যস্ত, তাঁদের বাংলা পারিভাষিক শব্দ আয়ত্ত করতে একটু বেশি চেষ্টা করতে হয়।
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি বড়ো বাধা হলো উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব। পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদ পরিভাষা রচনার চেষ্টা করলেও তা ব্যক্তিগত স্তরে হওয়ায় তাতে সাম্য ছিল না। পরে ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষাসমিতি গঠন করেছিল, তারা সমবেতভাবে কাজ করায় তা অধিকতর সফল হয়।
প্রাবন্ধিক পরামর্শ দিয়েছেন যে, যতদিন উপযুক্ত বাংলা শব্দ তৈরি না হচ্ছে, ততদিন অক্সিজেন বা ফার্ন-এর মতো আন্তর্জাতিক (international) নামগুলো বাংলা বানানে চালানো যেতে পারে।
অনেক লেখক ইংরেজিতে ভেবে তাকে আক্ষরিক বা ‘মাছিমারা নকল’ করে বাংলায় অনুবাদ করেন, যার ফলে রচনা উৎকট ও প্রকৃতিবিরুদ্ধ হয়ে ওঠে। যেমন— ‘The atomic engine has not even reached the blue print stage’ কথাটিকে ‘পরমাণু এঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি’ লিখলে তা অদ্ভুত শোনায়।
সাধারণ সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা প্রভৃতি অলংকার ব্যবহার করা গেলেও বৈজ্ঞানিক রচনায় তা বর্জন করা উচিত। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া প্রয়োজন।
পরিশেষে লেখক ‘অল্পবিদ্যা ভয়ংকরী’ প্রবাদের উল্লেখ করে বলেছেন যে, অনভিজ্ঞ লেখকদের লেখা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সাধারণ পাঠকের অনিষ্ট করতে পারে, তাই সম্পাদকের উচিত প্রকাশের আগে তা অভিজ্ঞ কাউকে দিয়ে যাচাই করে নেওয়া।
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের – নামকরণের তাৎপর্য
সাহিত্যে নামকরণ রচনার মূল বক্তব্যকে নির্দেশ করে। আলোচ্য প্রবন্ধটিতে লেখক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার সমস্যা, সম্ভাবনা এবং সঠিক রচনাপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মাতৃভাষায় বিজ্ঞান রচনা করতে গিয়ে পরিভাষার অভাব, ভুল অনুবাদ, অলংকারের অযথা প্রয়োগ এবং অনভিজ্ঞতার কারণে যে ধরনের ত্রুটিগুলি দেখা যায়, লেখক তার সমাধানের পথও দেখিয়েছেন। যেহেতু সমগ্র প্রবন্ধটি বাংলা ভাষায় বিজ্ঞান লেখার উপযুক্ত পদ্ধতি এবং তার আনুষঙ্গিক বিষয়গুলিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, তাই বিষয়বস্তুর বিচারে “বাংলা ভাষায় বিজ্ঞান” নামকরণটি সর্বতোভাবে সার্থক ও ব্যঞ্জনাধর্মী হয়েছে।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
বাংলা ভাষায় বিজ্ঞান ক্লাস 10 প্রশ্ন উত্তর | দশম শ্রেণী বাংলা প্রবন্ধ (বাংলা ভাষায় বিজ্ঞান) প্রশ্ন উত্তর
বাংলা ভাষায় বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্তর (MCQ)
১. পিতলের চাইতে কোন ধাতু হালকা বলে সাধারণ পাঠকদের জানা থাকতে পারে?
(ক) লোহা
(খ) সোনা
(গ) আলিউমিনিয়াম
(ঘ) তামা
উত্তর: (গ) আলিউমিনিয়াম।
২. আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে কী চালাচ্ছেন?
(ক) ইংরেজি ভাষা
(খ) দেশি পরিভাষা
(গ) হিন্দি ভাষা
(ঘ) সংস্কৃত শব্দ
উত্তর: (খ) দেশি পরিভাষা।
৩. কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষাসমিতি নিযুক্ত করেছিল?
(ক) ১৯২৬
(খ) ১৯৩৬
(গ) ১৯৪৬
(ঘ) ১৯৫৬
উত্তর: (খ) ১৯৩৬।
৪. “পরমাণু এঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি” – এই আক্ষরিক অনুবাদটিকে লেখক কী বলেছেন?
(ক) চমৎকার
(খ) সুশ্রাব্য
(গ) প্রকৃতিবিরুদ্ধ
(ঘ) অর্থবহ
উত্তর: (গ) প্রকৃতিবিরুদ্ধ।
৫. ‘The atomic engine has not even reached the blue print stage’ – এর সঠিক বাংলা কী হওয়া উচিত?
(ক) পরমাণু এঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি।
(খ) পরমাণু এঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি।
(গ) পরমাণু ইঞ্জিন নীল নকশায় পৌঁছায়নি।
(ঘ) পরমাণু ইঞ্জিনের ব্লু প্রিন্ট তৈরি হয়নি।
উত্তর: (খ) পরমাণু এঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি।
৬. ‘অমেরুদণ্ডী’-র বদলে সহজ করে কী লেখা যেতে পারে?
(ক) যাদের হাড় নেই
(খ) যেসব জন্তুর শিরদাঁড়া নেই
(গ) যাদের পা নেই
(ঘ) যেসব জন্তুর লেজ নেই
উত্তর: (খ) যেসব জন্তুর শিরদাঁড়া নেই।
৭. ‘আলোকতরঙ্গ’-র বদলে কী লিখলে কিছুমাত্র সহজ হয় না?
(ক) আলোর ঝলক
(খ) আলোর কাঁপন বা নাচন
(গ) আলোর ঢেউ
(ঘ) আলোর প্রকাশ
উত্তর: (খ) আলোর কাঁপন বা নাচন।
৮. ‘দেশের লজ্জা’ – এখানে লক্ষণা অনুযায়ী ‘দেশ’ শব্দের অর্থ কী বোঝানো হয়েছে?
(ক) স্থান
(খ) ভূখণ্ড
(গ) দেশবাসী
(ঘ) ভারত
উত্তর: (গ) দেশবাসী।
৯. ‘অরণ্যে রোদন’ কথাটির ব্যঞ্জনা অর্থ কী?
(ক) বনে কান্না
(খ) নিষ্ফল খেদ
(গ) গভীর দুঃখ
(ঘ) আনন্দ
উত্তর: (খ) নিষ্ফল খেদ।
১০. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” – উক্তিটি কোন বিষয়ের উপযুক্ত নয় বলে লেখক মনে করেন?
(ক) কাব্যের
(খ) সাহিত্যের
(গ) ভূগোলের
(ঘ) ইতিহাসের
উত্তর: (গ) ভূগোলের।
১১. কোন প্রবাদটি সাময়িকপত্রে প্রকাশিত ভুল বৈজ্ঞানিক রচনার ক্ষেত্রে লেখক ব্যবহার করেছেন?
(ক) অতি ভক্তি চোরের লক্ষণ
(খ) অল্পবিদ্যা ভয়ংকরী
(গ) জোর যার মুল্লুক তার
(ঘ) যেমন কর্ম তেমন ফল
উত্তর: (খ) অল্পবিদ্যা ভয়ংকরী।
১২. একটি সাময়িকপত্রে প্রকাশিত প্রবন্ধে কোন গ্যাসকে স্বাস্থ্যকর বলা হয়েছিল?
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) ওজন
উত্তর: (ঘ) ওজন।
১৩. ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধের লেখক রাজশেখর বসুর রসরচনার ছদ্মনাম কী ছিল?
(ক) বীরবল
(খ) বনফুল
(গ) পরশুরাম
(ঘ) কালপেঁচা
উত্তর: (গ) পরশুরাম।
১৪. নিচের কোনটি রাজশেখর বসুর লেখা একটি প্রবন্ধগ্রন্থ?
(ক) গড্ডলিকা
(খ) কজ্জলী
(গ) বিচিন্তা
(ঘ) হনুমানের স্বপ্ন
উত্তর: (গ) বিচিন্তা (গড্ডলিকা, কজ্জলী ও হনুমানের স্বপ্ন হলো তাঁর রসরচনা)।
১৫. ১৯৩৭ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘চলন্তিকা’ কী জাতীয় গ্রন্থ?
(ক) উপন্যাস
(খ) প্রবন্ধ সংকলন
(গ) বাংলা অভিধান
(ঘ) রসরচনা
উত্তর: (গ) বাংলা অভিধান।
বাংলা ভাষায় বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ)
১. ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধটির রচয়িতা কে?
উত্তর: প্রবন্ধটির রচয়িতা হলেন বিশিষ্ট প্রাবন্ধিক রাজশেখর বসু।
২. বাংলা সাহিত্যে রাজশেখর বসু কী ছদ্মনামে পরিচিত?
উত্তর: বাংলা সাহিত্যে রাজশেখর বসু ‘পরশুরাম’ ছদ্মনামে পরিচিত।
৩. লেখক বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের কয়টি শ্রেণিতে ভাগ করেছেন?
উত্তর: লেখক পাঠকদের দুটি শ্রেণিতে ভাগ করেছেন।
৪. রাজশেখর বসু প্রণীত বিখ্যাত বাংলা অভিধানটির নাম কী?
উত্তর: রাজশেখর বসু প্রণীত বিখ্যাত বাংলা অভিধানটির নাম ‘চলন্তিকা’।
৫. ছেলেবেলায় প্রাবন্ধিককে কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল?
উত্তর: ছেলেবেলায় প্রাবন্ধিককে ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল।
৬. কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষাসমিতি নিযুক্ত করেছিল?
উত্তর: কলিকাতা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে পরিভাষাসমিতি নিযুক্ত করেছিল।
৭. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” — উক্তিটি কার লেখা?
উত্তর: উক্তিটি মহাকবি কালিদাসের লেখা।
৮. বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া আবশ্যক?
উত্তর: বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক।
৯. “অরণ্যে রোদন” কথাটির ব্যঞ্জনার অর্থ কী?
উত্তর: “অরণ্যে রোদন” কথাটির ব্যঞ্জনার অর্থ হলো নিষ্ফল খেদ।
১০. বিজ্ঞান রচনা প্রকাশের আগে সম্পাদকের কী করা উচিত?
উত্তর: অবিখ্যাত বা অনভিজ্ঞ লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের উচিত কোনো অভিজ্ঞ লোককে দিয়ে তা যাচাই করে নেওয়া।
১১. প্রথম শ্রেণির পাঠকরা বিজ্ঞানের কোন কোন ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো শিখেছে?
উত্তর: প্রথম শ্রেণির পাঠকরা হয়তো টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা ইত্যাদি গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ শিখেছে।
১২. প্রথম শ্রেণির পাঠকদের জানা কয়েকটি স্থূল তথ্যের উদাহরণ দাও।
উত্তর: তাদের জানা কয়েকটি স্থূল তথ্য হলো— জল আর কপূর উবে যায়, পিতলের চাইতে আলিউমিনিয়াম হালকা এবং লাউ, কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়।
১৩. “যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত।” – এখানে লেখক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: এই উপমার সাহায্যে লেখক বোঝাতে চেয়েছেন যে, যাঁরা আজন্ম ইংরেজি ভাষায় বিজ্ঞান পড়ে অভ্যস্ত, তাঁদের পক্ষে হঠাৎ মাতৃভাষায় বা বাংলায় বিজ্ঞান পড়া এবং তার পদ্ধতি আয়ত্ত করা একটু কঠিন।
১৪. অনেক বৎসর পূর্বে কারা নানা বিষয়ের পরিভাষা রচনার উদ্যোগ নিয়েছিলেন?
উত্তর: অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনার উদ্যোগ নিয়েছিলেন।
১৫. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষাসমিতিতে কারা কারা ছিলেন?
উত্তর: কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষাসমিতিতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন।
১৬. নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম কীভাবে লেখার বিধান দেওয়া হয়েছে?
উত্তর: বিশ্ববিদ্যালয়-নিযুক্ত সমিতি বিধান দিয়েছেন যে, নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই (যেমন- অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন) বাংলা বানানে চলবে।
১৭. কোথায় ‘পপুলার সায়েন্স’ বা সাধারণের বোধগম্য বিজ্ঞান লেখা সুসাধ্য?
উত্তর: ইওরোপ ও আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সেখানকার সাধারণ মানুষ তা সহজেই বোঝে।
১৮. ‘Sensitized paper’-এর সঠিক বাংলা অনুবাদ কী হওয়া উচিত বলে লেখক মনে করেন?
উত্তর: লেখক মনে করেন ‘Sensitized paper’-এর অনুবাদ ‘স্পর্শকাতর কাগজ’ অতি উৎকট, এর সঠিক বাংলা অনুবাদ হওয়া উচিত ‘সুগ্রাহী কাগজ’।
১৯. পরিভাষার উদ্দেশ্য কী?
উত্তর: পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ করা এবং অর্থ সুনির্দিষ্ট করা।
২০. আলংকারিকগণ শব্দের কী কী ত্রিবিধ কথা বলেছেন?
উত্তর: আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন— অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা।
বাংলা ভাষায় বিজ্ঞান – বড়ো প্রশ্ন উত্তর (প্রশ্ন মান ৫)
১. ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো।
উত্তর: রাজশেখর বসুর ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখকের প্রধান বক্তব্যগুলি হলো:
বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও উপযুক্ত পারিভাষিক শব্দের প্রচুর অভাব রয়েছে। অনেক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের কিছু লেখক পরিভাষা রচনার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁরা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে কাজ করায় পরিভাষার সাম্য হয়নি এবং একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ তৈরি হয়েছিল। লেখক মনে করেন পরিভাষা রচনা কোনো একজনের কাজ নয়; সমবেতভাবে কাজ না করলে নানা ত্রুটি হতে পারে।
১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ ও সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা একযোগে কাজ করায় তাঁদের চেষ্টা অনেক বেশি সফল হয়েছিল।
তা সত্ত্বেও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলনটি খুব বড়ো নয় এবং আরও শব্দের প্রয়োজনের জন্য উপযুক্ত ব্যবস্থার কথা তিনি বলেছেন।
উপযুক্ত পরিভাষা না পাওয়া পর্যন্ত ইংরেজি শব্দই (যেমন- অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন) বাংলা বানানে চালানোর পরামর্শ তিনি দিয়েছেন।
২. ‘বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় এখনও নানাকরম বাধা আছে।”- কোন্ বাধাগুলির কথা বলা হয়েছে?
উত্তর: প্রবন্ধটিতে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে যে বাধাগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি হলো:
পরিভাষার অভাব: বাংলায় বিজ্ঞান চর্চার জন্য পর্যাপ্ত এবং প্রামাণিক পারিভাষিক শব্দের অভাব রয়েছে।
জনসাধারণের জ্ঞানের অভাব: পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞান অত্যন্ত নগণ্য। ফলে প্রাথমিক বিজ্ঞানের জ্ঞান ছাড়া বৈজ্ঞানিক প্রবন্ধ বুঝতে তাদের অসুবিধা হয়।
আড়ষ্ট ভাষা ও আক্ষরিক অনুবাদ: অনেক লেখক বিজ্ঞান বিষয়ক রচনাপদ্ধতি আয়ত্ত করতে পারেননি, ফলে তাঁদের ভাষা আড়ষ্ট এবং অনেক ক্ষেত্রে তা ইংরেজির মাছিমারা আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে।
অনুবাদজনিত ত্রুটি: অনেক লেখক ইংরেজিতে ভেবে তা বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন, যার ফলে রচনা উৎকট ও প্রকৃতিবিরুদ্ধ হয়ে যায়। এছাড়া ইংরেজি শব্দের ‘connotation’ বা অর্থব্যাপ্তি মেলাতে গিয়ে অদ্ভুত বাংলা শব্দ প্রয়োগ করেন।
ভুল তথ্যের প্রচার: সাময়িক পত্রিকাতে অনেক সময় অনভিজ্ঞ লেখকদের লেখা প্রবন্ধ যাচাই না করে প্রকাশ করা হয়। এর ফলে ভুল ও অবৈজ্ঞানিক তথ্য (যেমন- অক্সিজেন স্বাস্থ্যকর নয়, কিন্তু ওজোন স্বাস্থ্যকর) সাধারণ পাঠকের কাছে পৌঁছায়, যা অত্যন্ত ক্ষতিকর।
৩. ‘বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে’- এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন, তা আলোচনা করো।
উত্তর: বিজ্ঞান চর্চার এই বাধাগুলি দূর করতে প্রাবন্ধিক রাজশেখর বসু নিম্নলিখিত পরামর্শগুলি দিয়েছেন:
সমবেতভাবে পরিভাষা গঠন: পরিভাষা স্বতন্ত্রভাবে তৈরি না করে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে সমবেতভাবে তৈরি করা উচিত। সঠিক শব্দ না পাওয়া পর্যন্ত ইংরেজি বা আন্তর্জাতিক বৈজ্ঞানিক শব্দগুলি বাংলা বানানেই চালিয়ে যাওয়া ভালো।
গোড়া থেকে সহজবোধ্য উপস্থাপন: সাধারণ পাঠকের জন্য বয়স্কদের বিজ্ঞান বিষয়ক লেখাও প্রাথমিক বিজ্ঞানের মতো একেবারে গোড়া থেকে সহজ করে লেখা উচিত, তা না হলে লেখাটি বোধগম্য ও জনপ্রিয় হবে না।
স্বাভাবিক রচনাপদ্ধতি গ্রহণ: ইংরেজিতে ভেবে তার আক্ষরিক অনুবাদ করা থেকে লেখকদের বিরত থাকতে হবে। ভাষার আড়ষ্টতা এড়িয়ে বাংলা ভাষার নিজস্ব প্রকৃতি অনুযায়ী একটু ঘুরিয়ে সরল ভাষায় লেখা উচিত।
অলংকার বর্জন: বিজ্ঞানের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া প্রয়োজন। তাই সাধারণ সাহিত্যে ব্যবহৃত লক্ষণা, ব্যঞ্জনা বা অন্যান্য অলংকারের ব্যবহার বিজ্ঞানের ভাষায় যত কম থাকে ততই ভালো; তবে রূপক বা উপমা সামান্য ব্যবহার করা যেতে পারে।
বিশেষজ্ঞ দ্বারা প্রবন্ধ যাচাই: ভুল তথ্য পরিবেশন এড়ানোর জন্য কোনো অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক প্রবন্ধ পত্রিকায় প্রকাশের আগে সম্পাদকের উচিত তা কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে যাচাই করে নেওয়া।
৪. ‘তাতে পাঠকের অসুবিধে হয়’- কীসে পাঠকের অসুবিধা হয়? কেমন ধরনের অসুবিধা হয়? অসুবিধা দূর করার জন্য কী করা প্রয়োজন?
উত্তর: পারিভাষিক শব্দের বদলে যদি বারবার কোনো বিষয়ের দীর্ঘ বর্ণনা দিতে হয়, তাহলে পাঠকের অসুবিধা হয়।
কেমন ধরনের অসুবিধা হয়: পরিভাষার প্রধান উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষেপ করা এবং অর্থকে সুনির্দিষ্ট করা। কিন্তু পরিভাষা বর্জন করে কোনো বিষয়কে বারবার সাধারণ ভাষায় বর্ণনা করলে রচনা দীর্ঘ হয় এবং অনর্থক কথা বেড়ে যায়, যা পাঠকের বিরক্তির কারণ হয়। এছাড়া, কিছু ক্ষেত্রে পারিভাষিক শব্দ বাদ দিয়ে সাধারণ শব্দ বসালে বিষয়টি পাঠকদের কাছে একটুও সহজ হয় না; যেমন ‘আলোকতরঙ্গ’-এর বদলে ‘আলোর কাঁপন বা নাচন’ লিখলে অর্থ স্পষ্ট হওয়ার বদলে বুঝতে বেশি সমস্যা হয়।
অসুবিধা দূর করার জন্য কী করা প্রয়োজন: এই অসুবিধা দূর করার জন্য লেখকের পরামর্শ হলো, সাধারণ পাঠকের জন্য বৈজ্ঞানিক প্রবন্ধ লেখার সময় প্রথমবার অল্প পরিচিত পারিভাষিক শব্দ প্রয়োগ করার সময় তার ব্যাখ্যা এবং প্রয়োজনে ইংরেজি নামটি দিয়ে দেওয়া আবশ্যক। কিন্তু প্রবন্ধের পরবর্তী অংশে শুধু বাংলা পারিভাষিক শব্দটি ব্যবহার করলেই চলে, তাতে পাঠকের আর কোনো অসুবিধা হয় না।
এই পোস্টে রাজশেখর বসু রচিত ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধটি সবিস্তারে আলোচনা করা হল। প্রবন্ধটির থেকে কিছু গুরুত্ব প্রশ্ন উত্তর শেয়ার করা হল, যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করবে, প্রয়োজনে খাতায় টুকে রাখতে পারো।
| Details | Link |
|---|---|
| মাধ্যমিক প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
মাধ্যমিক (Madhyamik) দশম শ্রেণীর (Class 10) জন্য EduTips-এর সমস্ত বিষয়ের নোটসের লিঙ্ক নিচে দেওয়া হল — অবশ্যই দেখে নাও!
| Subject | Notes |
|---|---|
| বাংলা (Bengali) | Read Now |
| ইংরেজি (English) | Read Now |
| ইতিহাস (History) | Read Now |
| ভূগোল (Geography) | Read Now |
| অংক (Mathematics) | Read Now |
| জীবন বিজ্ঞান (Life Science) | Read Now |
| ভৌতবিজ্ঞান (Physical Science) | Read Now |
বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়বস্তু | বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর (Class 10 WBBSE) | বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -



