নবম শ্রেণির (Class 9) ভূগোলের (Geography) পঞ্চম অধ্যায় ‘আবহবিকার’ (Weathering)-এর মধ্যে যান্ত্রিক, রাসায়নিক ও জৈব আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া, রেগোলিথ সৃষ্টি, পুঞ্জিত স্খলন এবং মৃত্তিকা ক্ষয় ও সংরক্ষণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিচে দেওয়া হলো।
নবম শ্রেণী ভূগোল ‘আবহবিকার’ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর
আজকের পোস্টে তোমাদের সাথে যেসব বাছাই করা প্রশ্ন উত্তর শেয়ার করা হচ্ছে, যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ ভাবে সহায়ক হবে।
নবম শ্রেণী ভূগোল ‘আবহবিকার’ (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Class 9 Geography Chapter 5 Question Answer
১) শিলা চূর্ণবিচূর্ণ হওয়ার প্রক্রিয়ার নাম—
(ক) ক্ষয়ীভবন
(খ) নগ্নীভবন
(গ) আবহবিকার
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তর: (গ) আবহবিকার
২) আবহবিকার জাত পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে—
(ক) ক্ষয়ীভবন
(খ) বিচূর্ণীভবন
(গ) নগ্নীভবন
(ঘ) পুঞ্জিত স্খলন
উত্তর: (ক) ক্ষয়ীভবন
৩) আবহবিকারের সাথে অপসারণ যুক্ত হওয়াকে বলে—
(ক) পুঞ্জিত ক্ষয়
(খ) বিচূর্ণীভবন
(গ) নগ্নীভবন
(ঘ) ক্ষয়ীভবন
উত্তর: (গ) নগ্নীভবন
৪) স্ক্রী বা ট্যালাস সৃষ্টি হয়—
(ক) শল্কমোচনে
(খ) প্রস্তর চাঁই খণ্ডীকরণে
(গ) তুষারের কাজে
(ঘ) ক্ষুদ্রকণা বিশরণে
উত্তর: (গ) তুষারের কাজে
৫) শিলার উপরিভাগ খোসার মতো খুলে যাওয়ার যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াটি হল—
(ক) প্রস্তর চাঁই খণ্ডীকরণ
(খ) শল্কমোচন
(গ) ক্ষুদ্রকণা বিশরণ
(ঘ) তুষারের কার্য
উত্তর: (খ) শল্কমোচন
৬) চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায়—
(ক) কার্বনেশন প্রক্রিয়ার
(খ) অক্সিডেশন প্রক্রিয়ার
(গ) হাইড্রেশন প্রক্রিয়ার
(ঘ) হাইড্রোলিসিস প্রক্রিয়ার
উত্তর: (ক) কার্বনেশন প্রক্রিয়ার
৭) শিলা ফাটার আওয়াজ পাওয়া যায়—
(ক) শল্কমোচনে
(খ) ক্ষুদ্রকণা বিশরণে
(গ) প্রস্তর চাঁই খণ্ডীকরণে
(ঘ) কার্বনেশনে
উত্তর: (খ) ক্ষুদ্রকণা বিশরণে
৮) লৌহ সমৃদ্ধ শিলায় সর্বাধিক দেখা যায়—
(ক) কার্বনেশন প্রক্রিয়া
(খ) অক্সিডেশন প্রক্রিয়া
(গ) হাইড্রেশন প্রক্রিয়া
(ঘ) হাইড্রোলিসিস প্রক্রিয়া
উত্তর: (খ) অক্সিডেশন প্রক্রিয়া
৯) আবহবিকারে সৃষ্ট শিথিল স্তরের নাম—
(ক) সোলাম
(খ) মৃত্তিকা
(গ) হিউমাস
(ঘ) রেগোলিথ
উত্তর: (ঘ) রেগোলিথ
১০) এলুভিয়েটেড স্তর বলা হয় মাটির—
(ক) ‘A’ স্তরকে
(খ) ‘B’ স্তরকে
(গ) ‘C’ স্তরকে
(ঘ) ‘D’ স্তরকে
উত্তর: (ক) ‘A’ স্তরকে
| Details | Link |
|---|---|
| নবম শ্রেণী ও পরবর্তী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
১১) কার্স্ট অঞ্চলের ভূমিরূপ বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে—
(ক) কার্বনেশন
(খ) অক্সিডেশন
(গ) হাইড্রেশন
(ঘ) হাইড্রোলিসিস
উত্তর: (ক) কার্বনেশন
১২) লোহার ওপর মরচে ধরার প্রক্রিয়াকে বলা হয় —
(ক) কার্বনেশন
(খ) অক্সিডেশন
(গ) হাইড্রেশন
(ঘ) হাইড্রোলিসিস
উত্তর: (খ) অক্সিডেশন
নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় শুদ্ধ ও অশুদ্ধ প্রশ্ন উত্তর | Class 9 Geography Chapter 5 True False Question Answer
১) আবহবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়।
উত্তর: [অ] বা অশুদ্ধ। [ ব্যাখ্যা: আবহবিকার প্রক্রিয়ায় শিলা চূর্ণবিচূর্ণ হয়ে স্বস্থানেই পড়ে থাকে, সরে যায় না। পদার্থ সরে গেলে তাকে ক্ষয়ীভবন বলে। ]
২) তাপের সুপরিবাহী হওয়ায় শিলার অভ্যন্তরভাগ উত্তপ্ত হয়।
উত্তর: [অ] বা অশুদ্ধ। [ ব্যাখ্যা: শিলা তাপের কুপরিবাহী। তাই দিনের বেলায় সূর্যের তাপে শিলার কেবল উপরিভাগ উত্তপ্ত ও প্রসারিত হয়, কিন্তু অভ্যন্তরভাগ শীতল থাকে। ]
৩) ওড়িশার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণ অংশে অক্সিডেশন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়।
উত্তর: [শু] বা শুদ্ধ। [ ব্যাখ্যা: এই অঞ্চলগুলিতে লৌহ আকরিক বেশি থাকায় বাতাসের অক্সিজেনের প্রভাবে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া বেশি ঘটে। ]
৪) ফেলসেনমির, ব্লকস্প্রেড প্রভৃতি আবহবিকার দ্বারা গঠিত হয়।
উত্তর: [শু] বা শুদ্ধ। [ ব্যাখ্যা: উচ্চ পার্বত্য বা শীতল জলবায়ু অঞ্চলে তুষারের কার্যের ফলে (যান্ত্রিক আবহবিকার) শিলা ফেটে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। ]
৫) রাসায়নিক আবহবিকারে খনিজের মৌলিক পরিবর্তন ঘটে।
উত্তর: [শু] বা শুদ্ধ। [ ব্যাখ্যা: রাসায়নিক আবহবিকারে জল ও বিভিন্ন গ্যাসের সংস্পর্শে শিলার খনিজ উপাদানের রাসায়নিক বা মৌলিক পরিবর্তন ঘটে এবং নতুন খনিজের সৃষ্টি হয়। ]
| Details | Link |
|---|---|
| নবম শ্রেণী ও পরবর্তী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় শূন্যস্থানপূরণ প্রশ্ন উত্তর | Class 9 Geography Chapter 5 Fill The Blanks Question Answer
১) পর্বতের ঢালে মৃত্তিকাক্ষয়ের অন্যতম কারণ _________ চাষ।
উত্তর: ঝুম
২) _______ আবহবিকার প্রক্রিয়াকে ‘Onion Weathering’ বলে।
উত্তর: শল্কমোচন
৩) মূল শিলাস্তর _______ হলে নগ্নীভবন ঘটে।
উত্তর: উন্মুক্ত
৪) আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত পদ্ধতিকে _______ বলে।
উত্তর: নগ্নীভবন
৫) আবহবিকার একটি ______ প্রক্রিয়া।
উত্তর: স্থৈতিক
৬) _______ প্রক্রিয়ায় পদার্থ A স্তর থেকে B স্তরে সঞ্চিত হয়।
উত্তর: ইলুভিয়েশন
৭) বৃষ্টিবহুল অঞ্চলে _______ আবহবিকার বেশি কার্যকরী।
উত্তর: রাসায়নিক
নবম শ্রেণী ভূগোল ‘আবহবিকার’ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | Class 9 Geography Chapter 5 SAQ Question Answer
১) পুঞ্জিত ক্ষয়ে কোন্ শক্তি বেশি গুরুত্বপূর্ণ?
উত্তর: মাধ্যাকর্ষণ শক্তি।
২) যান্ত্রিক আবহবিকার কোন্ জলবায়ুতে বেশি ঘটে?
উত্তর: উষ্ম ও শুষ্ক মরু জলবায়ুতে এবং শীতল মেরু জলবায়ুতে।
৩) দ্রবণে শিলার কোন্ ধর্মের পরিবর্তন হয়?
উত্তর: রাসায়নিক বা মৌলিক ধর্মের।
৪) আবহবিকারপ্রাপ্ত শিলাচূর্ণের শিথিল ভূ-আস্তরণকে কী বলে?
উত্তর: রেগোলিথ।
৫) বিষমসত্ত্ব শিলায় কোন্ প্রকার আবহবিকার ঘটে?
উত্তর: ক্ষুদ্রকণা বিশরণ।
৬) কী উদ্দেশ্যে ধাপচাষ ও ফালিচাষ করা হয়?
উত্তর: মৃত্তিকা বা মাটি ক্ষয় রোধ করার উদ্দেশ্যে।
৭) মাটির কোন্ দুটি স্তরকে একত্রে সোলাম বলে?
উত্তর: ‘A’ ও ‘B’ স্তরকে।
নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর (প্রশ্নমান-২) | Class 9 Chapter 5 Geography Short Question Answer
১) তুহিন খণ্ডীকরণ কী?
উত্তর: শীতল জলবায়ু বা উচ্চ পার্বত্য অঞ্চলে শিলার ফাটলে জমে থাকা জল রাতের বেলায় বরফে পরিণত হলে আয়তনে ৯% বৃদ্ধি পায়। বরফের এই প্রবল চাপে শিলা ফেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার প্রক্রিয়াকে তুহিন খণ্ডীকরণ বলে।
২) রেগোলিথ ও মৃত্তিকার তফাত কী?
উত্তর: রেগোলিথ হলো আবহবিকারের ফলে সৃষ্ট আদি শিলাচূর্ণের শিথিল আস্তরণ, এতে কোনো জৈব পদার্থ থাকে না। অন্যদিকে মৃত্তিকা বা মাটি হলো রেগোলিথের সাথে জৈব পদার্থ (হিউমাস), জল ও বায়ু মিশে সৃষ্ট উদ্ভিদের জন্মদানের উপযোগী স্তর।
৩) ফালিচাষ বা স্ট্রিপ ক্রপিং কী?
উত্তর: পাহাড়ি বা ঢালু জমিতে আড়াআড়িভাবে ফিতে বা ফালির মতো অংশ তৈরি করে পর্যায়ক্রমে বিভিন্ন শস্যের চাষ করাকে ফালিচাষ বা স্ট্রিপ ক্রপিং বলে। এটি মৃত্তিকাক্ষয় রোধ করার একটি অন্যতম বিজ্ঞানসম্মত পদ্ধতি।
৪) জারণ বা অক্সিডেশন কাকে বলে?
উত্তর: শিলা মধ্যস্থ খনিজের সাথে বাতাসের অক্সিজেনের রাসায়নিক সংযোগের ফলে যে আবহবিকার ঘটে, তাকে জারণ বা অক্সিডেশন বলে। মূলত লৌহযুক্ত শিলায় এই প্রক্রিয়া বেশি ঘটে এবং লোহার ওপর মরচে পড়ে শিলা ভঙ্গুর হয়ে যায়।
৫) আবহবিকারের দুটি ফলাফল লেখো।
উত্তর: ১. আবহবিকারের ফলে কঠিন শিলা চূর্ণবিচূর্ণ হয়ে শিথিল রেগোলিথ তৈরি হয়।
২. দীর্ঘকাল ধরে রেগোলিথের সাথে জৈব পদার্থ মিশে মৃত্তিকা বা মাটি সৃষ্টি হয়।
৬) এলুভিয়েশন কাকে বলে?
উত্তর: অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বৃষ্টির জলের সাথে মাটির ওপরের স্তর (A স্তর) থেকে বিভিন্ন খনিজ পদার্থ (সিলিকা, লোহা, অ্যালুমিনিয়াম) দ্রবীভূত হয়ে মাটির নীচের স্তরে (B স্তরে) অপসারিত হওয়ার প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে।
৭) মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের দুটি ভূমিকা লেখো।
উত্তর: ১. শিলা চূর্ণীকরণ: আবহবিকার প্রক্রিয়ায় কঠিন শিলা চূর্ণবিচূর্ণ হয়ে রেগোলিথ তৈরি করে, যা মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান।
২. খনিজের যোগান: রাসায়নিক আবহবিকার শিলার মধ্যস্থ খনিজগুলিকে দ্রবীভূত করে মাটির পুষ্টিগুণ ও উর্বরতা বৃদ্ধি করে।
| Details | Link |
|---|---|
| নবম শ্রেণী ও পরবর্তী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর (প্রশ্নমান-৩) | Class 9 Geography Chapter 5 Question Answer
১) আবহবিকার ও নগ্নীভবনের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
| বিষয় | আবহবিকার | নগ্নীভবন |
|---|---|---|
| ১. পদ্ধতি | শিলা চূর্ণবিচূর্ণ হয়ে স্বস্থানেই পড়ে থাকে। | চূর্ণবিচূর্ণ শিলা অপসারিত হয়ে নীচের মূল শিলা উন্মুক্ত হয়। |
| ২. প্রকৃতি | একটি স্থৈতিক বা স্থির প্রক্রিয়া। | আবহবিকার, পুঞ্জিত স্খলন ও ক্ষয়ীভবনের সম্মিলিত একটি গতিশীল প্রক্রিয়া। |
| ৩. নির্ভরশীলতা | স্বাধীনভাবে ঘটতে পারে। | সম্পূর্ণভাবে আবহবিকারের ওপর নির্ভরশীল। |
২) যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
| বিষয় | যান্ত্রিক আবহবিকার | রাসায়নিক আবহবিকার |
|---|---|---|
| ১. পরিবর্তনের ধরন | শিলার কেবল ভৌত পরিবর্তন ঘটে এবং শিলা খণ্ড খণ্ড হয়। | শিলার রাসায়নিক বা মৌলিক পরিবর্তন ঘটে এবং নতুন খনিজ সৃষ্টি হয়। |
| ২. জলবায়ুর প্রভাব | উষ্ণ ও শুষ্ক মরু জলবায়ু এবং শীতল জলবায়ুতে বেশি ঘটে। | উষ্ণ ও আর্দ্র, বৃষ্টিবহুল অঞ্চলে বেশি কার্যকরী হয়। |
| ৩. খনিজের বৈশিষ্ট্য | মূল শিলার খনিজ অপরিবর্তিত থাকে। | মূল খনিজ সম্পূর্ণ নতুন খনিজে রূপান্তরিত হয়। |
৩) যে-কোনো তিনটি বিষয়ের সাপেক্ষে অঙ্গারযোজন ও আর্দ্র-বিশ্লেষণের মধ্যে তুলনা করো।
উত্তর: অঙ্গারযোজন ও আর্দ্র-বিশ্লেষণের মধ্যে তুলনা নিচে আলোচনা করা হল –
১. প্রক্রিয়া: অঙ্গারযোজনে শিলার খনিজের সাথে কার্বনিক অ্যাসিডের (জল ও কার্বন ডাইঅক্সাইড) সংযোগ ঘটে। আর্দ্র-বিশ্লেষণে জলের অণু ভেঙে হাইড্রোজেন (H+) ও হাইড্রক্সিল (OH-) আয়নে পরিণত হয়ে শিলার খনিজের সাথে যুক্ত হয়।
২. শিলার ওপর প্রভাব: অঙ্গারযোজন প্রক্রিয়ায় কঠিন চুনাপাথর ক্যালশিয়াম বাইকার্বনেটে পরিণত হয়ে গলে যায়। আর্দ্র-বিশ্লেষণ প্রক্রিয়ায় খনিজ ফেল্ডসপার অ্যালুমিনো সিলিসিক অ্যাসিডে বা কাদা মাটিতে পরিণত হয়।
৩. প্রাধান্যযুক্ত শিলা: অঙ্গারযোজন চুনাপাথর যুক্ত অঞ্চলে সর্বাধিক দেখা যায়। আর্দ্র-বিশ্লেষণ গ্রানাইট জাতীয় শিলা অঞ্চলে বেশি দেখা যায়।
৪) মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়— তিনটি যুক্তি দাও।
উত্তর: মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়— তিনটি যুক্তি হল –
১. উষ্মতার প্রসর: মরু অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি। তাপের এই প্রসারণ ও সংকোচনের ফলে শিলা দ্রুত ফেটে গিয়ে যান্ত্রিক আবহবিকার ঘটে।
২. বৃষ্টিপাতের অভাব: মরু অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হওয়ায় রাসায়নিক আবহবিকার প্রায় ঘটে না বললেই চলে।
৩. গাছপালার অভাব: গাছপালা না থাকায় শিলাস্তর সরাসরি উন্মুক্ত থাকে, ফলে সূর্যালোক ও বায়ুর প্রভাবে সহজে যান্ত্রিকভাবে চূর্ণবিচূর্ণ হয়।
৫) মানুষের দ্বারা বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহারে মাটি সংরক্ষণ সম্ভব—তিনটি যুক্তি দাও।
উত্তর: মানুষের দ্বারা বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহারে মাটি সংরক্ষণ সম্ভব—তিনটি যুক্তি হল –
১. ধাপচাষ ও ফালিচাষ: পাহাড়ি বা ঢালু জমিতে অবৈজ্ঞানিক চাষের বদলে বিজ্ঞানসম্মতভাবে ধাপ বা ফালি তৈরি করে চাষ করলে জলের গতি বাধা পায় এবং মাটি ক্ষয় অনেকাংশে রোধ হয়।
২. বৃক্ষরোপণ: বিজ্ঞানসম্মতভাবে পতিত জমি, মরুভূমির প্রান্ত ও নদীর তীরে বেশি করে গাছ লাগালে গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রেখে ক্ষয় নিবারণ করে।
৩. পশুচারণ নিয়ন্ত্রণ: নির্দিষ্ট চারণভূমিতে এবং বিজ্ঞানসম্মতভাবে পশুচারণ করলে মাটির ওপরের ঘাসের আচ্ছাদন নষ্ট হয় না, ফলে মাটি সংরক্ষিত হয়।
| Details | Link |
|---|---|
| নবম শ্রেণী ও পরবর্তী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
নবম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর (প্রশ্নমান-৫) | Class 9 Geography Chapter 5 Long Question Answer
১) তাপের পার্থক্যে সংঘটিত যান্ত্রিক আবহবিকারের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর: উষ্ম মরু অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্যের কারণে শিলাগুলি বারবার প্রসারিত ও সংকুচিত হয়। শিলা তাপের কুপরিবাহী হওয়ায় কেবল ওপরের স্তর প্রসারিত হয়। এর ফলে প্রধানত তিনটি প্রক্রিয়ায় যান্ত্রিক আবহবিকার ঘটে:
১. খণ্ডীকরণ (Block Disintegration): বিষমসত্ত্ব শিলায় বিভিন্ন খনিজ অসমভাবে প্রসারিত হওয়ায় শিলাস্তরে লম্ব ও সমান্তরাল ফাটল তৈরি হয়। ক্রমাগত তাপের পার্থক্যে ফাটল বরাবর শিলা বড়ো বড়ো চাই বা ব্লকে ভেঙে যায়। একে প্রস্তর চাঁই খণ্ডীকরণ বলে।
২. শল্কমোচন (Exfoliation): সমসত্ত্ব শিলার (যেমন গ্রানাইট) ওপরের স্তর দিনের বেলায় বেশি প্রসারিত হয় এবং রাতের বেলায় সংকুচিত হয়। এর ফলে মূল শিলা থেকে ওপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে শিলাটি গোলাকার ধারণ করে।
৩. ক্ষুদ্রকণা বিশরণ (Granular Disintegration): বিভিন্ন খনিজ গঠিত শিলা দিনের বেলায় প্রবল উত্তাপে প্রসারিত হয়ে সশব্দে (পিস্তল ছোঁড়ার মতো শব্দ করে) ফেটে বালি বা ছোটো ছোটো কণায় পরিণত হয়।
২) চিত্রসহ তুষারের কাজে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: শীতল জলবায়ু অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্য বা তুহিন খণ্ডীকরণ (Frost Action) বেশি দেখা যায়।
পদ্ধতি: দিনের বেলায় বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে। রাতের বেলায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেলে ওই জল বরফে পরিণত হয়। জল বরফে পরিণত হলে আয়তনে প্রায় ৯% বৃদ্ধি পায়। এর ফলে ফাটলের দু-পাশের দেওয়ালে বরফ প্রচণ্ড চাপ সৃষ্টি করে। বারবার এই প্রক্রিয়ার ফলে ফাটল চওড়া হয় এবং একসময় শিলাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। একে তুহিন খণ্ডীকরণ বলে।
ফলাফল: এই প্রক্রিয়ায় ভেঙে পড়া তীক্ষ্ণ ও কোণাকার শিলাখণ্ডগুলি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে ‘ট্যালাস’ (Talus) বা ‘স্ক্রি’ (Scree) এবং ‘ফেলসেনমির’ বা শিলাসমুদ্র গঠন করে।
৩) মাটি সৃষ্টির প্রাকৃতিক ও জৈব প্রক্রিয়াগুলি সম্পর্কে লেখো।
উত্তর: মাটি সৃষ্টি একটি অত্যন্ত ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া। মাটি সৃষ্টির প্রাকৃতিক ও জৈব প্রক্রিয়াগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হল –
প্রাকৃতিক প্রক্রিয়া:
১. আবহবিকার: এটি মাটি সৃষ্টির প্রথম ধাপ। আবহবিকারের ফলে কঠিন শিলা চূর্ণবিচূর্ণ হয়ে শিথিল রেগোলিথ তৈরি করে।
২. এলুভিয়েশন: বৃষ্টির জলের সাহায্যে ওপরের স্তরের (A স্তর) খনিজ পদার্থ দ্রবীভূত হয়ে নীচের স্তরে অপসারিত হয়।
৩. ইলুভিয়েশন: এলুভিয়েশন প্রক্রিয়ায় অপসারিত খনিজ পদার্থ নীচের স্তরে (B স্তরে) সঞ্চিত হয়ে মাটির স্তর গঠন করে।
জৈব প্রক্রিয়া:
১. হিউমিফিকেশন: উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটিতে থাকা বিভিন্ন অণুজীব (ব্যাকটেরিয়া, ছত্রাক) দ্বারা বিয়োজিত হয়ে কালো রঙের জৈব পদার্থ বা হিউমাসে পরিণত হয়। এই হিউমাস মাটির উর্বরতা বাড়ায়।
২. খনিজকরণ: অণুজীবের সাহায্যে হিউমাস আরও বিশ্লিষ্ট হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ও বিভিন্ন খনিজ উপাদানে পরিণত হয়ে পুনরায় মাটির সাথে মিশে যায় এবং মাটিকে পুষ্ট করে।
৪) উদ্ভিদ ও প্রাণীর মাধ্যমে কীভাবে আবহবিকার প্রক্রিয়া ঘটে আলোচনা করো।
উত্তর: উদ্ভিদ ও প্রাণী যান্ত্রিক ও রাসায়নিক—উভয়ভাবেই আবহবিকার ঘটিয়ে থাকে। একে জৈব আবহবিকার বলে। উদ্ভিদের মাধ্যমে: ১. যান্ত্রিক: বড়ো বড়ো গাছের শিকড় শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে। গাছ বড়ো হওয়ার সাথে সাথে শিকড় মোটা হয় এবং ফাটলের দেওয়ালে প্রচণ্ড চাপ সৃষ্টি করে শিলাকে ফাটিয়ে দেয়।
২. রাসায়নিক: গাছের পচা পাতা, ডালপালা ও শিকড় থেকে বিভিন্ন জৈব অ্যাসিড (যেমন- হিউমিক অ্যাসিড) নির্গত হয় যা শিলার খনিজকে দ্রবীভূত করে রাসায়নিক আবহবিকার ঘটায়।
প্রাণীর মাধ্যমে: ১. যান্ত্রিক: কেঁচো, ইঁদুর, খরগোশ, প্রেইরি কুকুর, পিঁপড়ে প্রভৃতি প্রাণী মাটির নীচে গর্ত খুঁড়ে বসবাস করে, যার ফলে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে যান্ত্রিক আবহবিকার ঘটে।
২. রাসায়নিক: প্রাণীদের মৃতদেহ এবং মলমূত্র পচে মাটির সাথে মিশে বিভিন্ন জৈব অ্যাসিড তৈরি করে, যা শিলার সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক আবহবিকারে সাহায্য করে।
৫) মাটি ক্ষয়ের কারণগুলির সংক্ষিপ্ত আলোচনা করো।
উত্তর: মাটির উপরিভাগের উর্বর স্তর বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে অপসারিত হওয়াকে মাটি ক্ষয় বলে। এর প্রধান কারণগুলি হলো:
১. বৃক্ষচ্ছেদন: নির্বিচারে জঙ্গল বা গাছ কাটার ফলে গাছের শিকড় মাটিকে আর ধরে রাখতে পারে না, ফলে বৃষ্টির জল ও বাতাসে সহজেই উর্বর মাটি ধুয়ে বা উড়ে যায়।
২. অবৈজ্ঞানিক কৃষিকাজ: পাহাড়ি ঢালে ঢালের দিকে লাঙল চালিয়ে বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে বৃষ্টির জলে দ্রুত মাটি ক্ষয় হয়।
৩. অতিরিক্ত পশুচারণ: মাঠে অতিরিক্ত পশুচারণ করলে গবাদি পশুর খুরের আঘাতে এবং ঘাসের আচ্ছাদন নষ্ট হওয়ায় মাটি আলগা হয়ে ক্ষয়প্রাপ্ত হয়।
৪. ঝুম চাষ: পাহাড়ি এলাকায় জঙ্গল পুড়িয়ে প্রাচীন পদ্ধতিতে ঝুম চাষ করার ফলে মাটি উন্মুক্ত হয়ে যায় এবং বৃষ্টির জলে মারাত্মকভাবে ক্ষয় হয়।
৫. প্রাকৃতিক কারণ: প্রবল বৃষ্টিপাত, নদীর বন্যা এবং শুষ্ক অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহ মাটি ক্ষয়ের অন্যতম প্রধান প্রাকৃতিক কারণ।
৬) অঙ্গারযোজন ও জারণ প্রক্রিয়া কীভাবে কার্যকরী হয় লেখো।
উত্তর: বাতাসের কার্বন ডাইঅক্সাইড (CO2) বৃষ্টির জলের (H2O) সাথে মিশে মৃদু কার্বনিক অ্যাসিড (H2CO3) তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল চুনাপাথর (ক্যালশিয়াম কার্বনেট) যুক্ত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হলে চুনাপাথর গলে গিয়ে ক্যালশিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, যা সহজেই জলে দ্রবীভূত হয়ে অপসারিত হয়।
সমীকরণ: CaCO3 + H2O + CO2 ⇌ Ca(HCO3)2
জারণ বা অক্সিডেশন (Oxidation): শিলা মধ্যস্থ খনিজের সাথে বাতাসের অক্সিজেনের রাসায়নিক সংযোগকে জারণ বলে। প্রধানত লোহা সমৃদ্ধ শিলায় এটি বেশি কার্যকরী। মূল শিলায় লোহা ফেরাস অক্সাইড হিসেবে থাকে যা অত্যন্ত কঠিন। কিন্তু অক্সিজেনের সংস্পর্শে এলে তা ফেরিক অক্সাইডে (লিমোনাইট) পরিণত হয় এবং শিলা সহজেই ভেঙে যায়। সহজ কথায় একে লোহায় মরচে পড়া বলে।
সমীকরণ: 4FeO + 3H2O + O2 = 2Fe2O3.3H2O (লিমোনাইট)
৭) মাটি সংরক্ষণের পদ্ধতিগুলি বিশ্লেষণ করো।
উত্তর: মাটির ক্ষয় রোধ করে তার উর্বরতা বজায় রাখাকে মাটি সংরক্ষণ বলে। এর প্রধান পদ্ধতিগুলি হলো:
১. বৃক্ষরোপণ বা বনসৃজন: পতিত জমি, মরুভূমির প্রান্ত, নদীর তীর এবং পাহাড়ি ঢালে প্রচুর পরিমাণে গাছ লাগালে গাছের শিকড় মাটিকে শক্ত করে জালের মতো ধরে রাখে এবং মাটি ক্ষয় নিবারণ করে।
২. ধাপচাষ (Terracing): পাহাড়ি ঢালে সিঁড়ির মতো ধাপ কেটে সমতল করে চাষ করলে জলের প্রবল গতি বাধা পায় এবং মাটি ধুয়ে নীচের দিকে নেমে যেতে পারে না।
৩. ফালিচাষ (Strip Cropping): ঢালু জমিতে আড়াআড়িভাবে ফিতে বা ফালির মতো অংশ তৈরি করে পর্যায়ক্রমে বিভিন্ন শস্যের (যাদের শিকড় মাটিকে আঁকড়ে থাকে) চাষ করাকে ফালিচাষ বলে। এটি মাটি ক্ষয় প্রবলভাবে রোধ করে।
৪. সমোন্নতি রেখা বরাবর চাষ (Contour Farming): পাহাড়ি অঞ্চলে সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে সেই রেখা বরাবর মাটির বাঁধ দিয়ে চাষ করলে জলের গতি অবরুদ্ধ হয় এবং মাটি ক্ষয়রোধ হয়।
৫. পশুচারণ নিয়ন্ত্রণ: যত্রতত্র পশুচারণ না করে নির্দিষ্ট ঘেরা চারণভূমিতে নিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে মাটির ওপরের ঘাসের আচ্ছাদন নষ্ট হয় না, ফলে মাটি সংরক্ষিত হয়।
| Details | Link |
|---|---|
| নবম শ্রেণী ও পরবর্তী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
আজকের এই পোস্টে তোমাদের সাথে নবম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায় ‘আবহবিকার’ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল। তোমাদের পরীক্ষার প্রস্তুতি এর ক্ষেত্রে এগুলি সহায়তা করবে, প্রয়োজনে সংগ্রহ করে রাখবে।
| Details | Link |
|---|---|
| নবম শ্রেণী অন্যান্য সমস্ত বিষয়ের নোট (Class IX All Notes) |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


